দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বিদ্যমান চিকিৎসক সংকট নিরসন, প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকার বৃহৎ টেন্ডার আহ্বান করা হবে বলে ঘোষণা দেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এর আগে সকালে তিনি ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবাও সরাসরি তদারকি করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন। তিনি ভর্তি রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং ওয়ার্ডের সার্বিক পরিবেশ ও শৌচাগারের পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা স্তূপাকারে পড়ে থাকতে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর আগে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও স্পর্শকাতর চিকিৎসা সরঞ্জাম উন্মুক্ত ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের নির্দেশ দেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতাল পরিচালকের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পর্যালোচনা করেন মন্ত্রী। সেখানে বহু চিকিৎসকের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করে হাজিরা রেজিস্টারটি নিজের সঙ্গে নিয়ে যান তিনি। গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীকে সরকারি ব্যবস্থাপনার বদলে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে দেখে ক্ষোভ জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই রোগীকে তাৎক্ষণিকভাবে নিজের পক্ষ থেকে এক হাজার টাকা দেন। এ ছাড়া হাসপাতালে সংঘটিত অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় সংশ্লিষ্টদের কড়া জবাবদিহির মুখে ফেলেন তিনি। একই সঙ্গে লোকবল সংকটে বন্ধ থাকা হাসপাতালের শিশু আইসিইউ ইউনিটটি আগামী এক সপ্তাহের মধ্যে চালুর চূড়ান্ত নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন প্রসঙ্গে মন্ত্রী জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সামগ্রিক স্বাস্থ্য খাতের আধুনিকায়নে ক্যানসার চিকিৎসায় প্রতিটি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন স্থাপন, দেশে পাঁচটি আধুনিক রোবটিক সার্জারি ব্যবস্থা চালু এবং পাঁচ হাজার নতুন নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ