জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের দাবি বাস্তবায়নের জন্য যথেষ্ট শক্তি রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে স্বজন হারানো এবং আহতদের পরিবার এখনো সেই সময়ের ক্ষত ও কষ্ট বহন করছে। তাদের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, তার মৃত্যু বা দাফন—কোনোটিই বাংলাদেশের মাটিতে হবে না।
এ সময় সরকারের বিভিন্ন কার্ডভিত্তিক প্রকল্প নিয়েও কথা বলেন সারজিস আলম। তার দাবি, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং শুধু কার্ড তৈরির প্রকল্পেই ২৪২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
তিনি বলেন, জনগণের কল্যাণের উদ্দেশ্যে নেওয়া হলেও কিছু প্রকল্পের বাস্তবায়নযোগ্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন রয়েছে। ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়—সরকার শেষ পর্যন্ত এমন অবস্থানে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে বর্তমানে প্রকল্পটি নিয়ে সরকারের পক্ষ থেকে আগের মতো আলোচনা হচ্ছে না বলে দাবি করেন সারজিস।
তিনি আরও বলেন, জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়, যার বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা রয়েছে। রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।