যুক্তরাষ্ট্রের চাপের মুখে অধিকৃত পশ্চিম তীরে সরকারের অনুমোদন ছাড়া গড়ে ওঠা অবৈধ বসতি সরানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে জোরপূর্বক গড়ে ওঠা এসব অবৈধ বসতি বা ‘আউটপোস্ট’ দ্রুত সরিয়ে ফেলার বিষয়ে নেতানিয়াহু একটি গোপন নির্দেশ দিয়েছেন।
ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক উচ্ছেদের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে।
সম্প্রতি ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি উগ্র বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ওয়াশিংটনের চাপের পরই ইসরাইল সরকার এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে ছড়িয়ে থাকা প্রায় ১০০টি অবৈধ আউটপোস্ট সরানোর পরিকল্পনা করা হচ্ছে।
তবে সরকারের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
এদিকে, এসব বসতি কখন থেকে সরানোর কাজ শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। তবে একই দিনে ইসরাইলের সুপ্রিম কোর্ট জালুদ গ্রামের তিনটি ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে শতাধিক স্বীকৃত ইসরাইলি বসতির পাশাপাশি শত শত অবৈধ আউটপোস্ট রয়েছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত হলেও দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে বিতর্ক চলে আসছে।