চীনের ডালিয়ান সফর শেষে হাই-স্পিড বা বুলেট ট্রেনে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের প্ল্যানারি অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশ নেন।
এ আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) চীন সফরে ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ডালিয়ানের আনুষ্ঠানিকতা শেষে এবার বেইজিং পর্বের কর্মসূচিতে অংশ নেবেন তিনি।