গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক বিভেদ পেছনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি মনে করেন, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
শনিবার (৭ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, রাজনৈতিক মতের ভিন্নতা স্বাভাবিক হলেও দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থের বিষয়ে ঐক্য ধরে রাখা জরুরি। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার ওপর জোর দেন তিনি।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে সংসদ সদস্য বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে এ দিন নতুন করে স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও জাতীয় ঐক্যের দর্শনকে অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মুখ্য আলোচক ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, মজিবুর রহমান এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।














মন্তব্যসমূহ