২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় দেওয়া শাস্তির কিছুটা পরিবর্তন এনেছে ফিফা। আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনার নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। তবে লিয়েন্দ্রো পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে সংস্থাটি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি পুনর্বিবেচনা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাঁর আর্থিক জরিমানাও কমানো হয়েছে। আগে ৯০ হাজার ডলার জরিমানা করা হলেও এখন তা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ডলার।
অন্যদিকে, স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের সময় সংঘর্ষে জড়ানোর দায়ে পারেদেসের শাস্তিতে কোনো পরিবর্তন আসেনি। ওই সময় এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। এসব ঘটনায় তাঁর ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা।
পারেদেসের শাস্তির পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রাখা হয়েছে।
তবে ফিফার এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় এএফএ। পারেদেসের নিষেধাজ্ঞা এবং বৈষম্যমূলক স্লোগানের জন্য আরোপিত জরিমানার বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানার পর আনুষ্ঠানিকভাবে আপিল করবে তারা। এএফএর দাবি, এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার মতো যথেষ্ট তথ্যগত ও আইনি ভিত্তি তাদের রয়েছে।
বিশ্বকাপ ফাইনালের ওই ঘটনার পর আর্জেন্টিনার আরও কয়েকজনের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ফিফা। থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। এ ছাড়া স্পেনের দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।














মন্তব্যসমূহ