‘কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে রাজপথে নেমেছি’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, তাদের দাবিগুলো ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। ছয় দফা দাবির পাশাপাশি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান তিনি।
তিনি অভিযোগ করেন, চাঁদাবাজদের কারণে জনগণ অতিষ্ঠ এবং দুর্নীতির কারণে মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে। একই সঙ্গে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সিফাত নামে এক তরুণকে গ্রেফতারের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, তার ভাষার সঙ্গে তারা একমত নন। তবে যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে দেশের মানুষ প্রয়োজনে তার মতো করে প্রতিবাদ করবে।
সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, তাকে মুক্তি না দিলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এ সময় তিনি অতীতের কয়েকটি গণআন্দোলনের উদাহরণ টেনে সরকারকে সতর্ক করেন।
ঢাকাবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ের অঙ্গীকার নিয়েই তাদের এই কর্মসূচি। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, ১১ দলের লংমার্চ রাজধানী থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করবে। পথে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও চলবে। যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান জামায়াত আমির