লিবিয়ার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি গুলি ছোঁড়ার অনুশীলন চলাকালে ভয়াবহ গোলাবারুদ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন সেনা প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (১৮ অক্টোবর) গভীর রাতে জাবিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হতাহত হওয়া ব্যক্তিরা লিবিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি বিশেষ নিরাপত্তা বাহিনীতে নবনিযুক্ত সদস্য ছিলেন। রোববার রাতে জাবিয়ার উপকণ্ঠে সংস্থাটির বিশেষ প্রশিক্ষণস্থলে সদস্যরা সরাসরি গুলি চালানোর (লাইভ ফায়ারিং) অনুশীলন করছিলেন। মহড়ার একপর্যায়ে অসাবধানতাবশত ব্যবহৃত একটি গোলাবারুদ প্রচণ্ড বিস্ফোরণে ফেটে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
কর্মকর্তা আরও জানান, মধ্যরাতের এই অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ঘটনাস্থলেই আটজন প্রশিক্ষণার্থী মারা যান এবং আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক উল্লেখ করে দেশটির নিরাপত্তা বিভাগ জানিয়েছে, কীভাবে এই অনাকাঙ্ক্ষিত গোলাবারুদ বিস্ফোরণ ঘটল এবং এতে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: এএফপি
মন্তব্যসমূহ