দেশের সড়ক ও মহাসড়কগুলোতে দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং অদক্ষ চালকদের দৌরাত্ম্যের কারণে একের পর এক ভয়াবহ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রোধে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, অদক্ষ চালক ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ এবং পরিবহন খাতের সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
শোক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বনপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে ভোরের এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
মিয়া গোলাম পরওয়ার দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়ার জোর দাবি জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনা এবং কার্যকর নজরদারির অভাবে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে সড়কে রক্ত ঝরছে। এই রক্তক্ষরণ থামাতে হলে চালকদের কঠোর পরীক্ষার মাধ্যমে লাইসেন্স প্রদান, ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় গাড়ি রাস্তা থেকে সরানো এবং আইন প্রয়োগে কোনো প্রকার শিথিলতা না রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্তব্যসমূহ