রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের সংলগ্ন একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃত তিন নেতা দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে থেকে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা ঢাকায় অবস্থান করে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করছিলেন এবং রাজধানী থেকেই স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড জোরদার করার গোপন পরিকল্পনা ও সমন্বয় করছিলেন।
এদিকে ঢাকায় পাবনার এই তিন প্রভাবশালী ও হেভিওয়েট নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদী ও আটঘরিয়াসহ পুরো পাবনা জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানামুখী আলোচনা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত তিন নেতার প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতার অভিযোগসহ একাধিক নিয়মিত ফৌজদারি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাঁদের সংশ্লিষ্ট পাবনার ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্যসমূহ