জাতীয় অর্থনীতির তীব্র ভঙ্গুরতা, স্থানীয় মুদ্রা রুপিয়ার বড় ধরনের অবমূল্যায়ন এবং শেয়ারবাজারে ধসের প্রতিবাদে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাজপথে নেমেছেন দেশটির তরুণ প্রজন্ম তথা ‘জেন-জি’ শিক্ষার্থীরা। যেকোনো ধরনের বড় সংঘাত রুখতে ও শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে রাজধানীজুড়ে সাড়ে নয় হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানান, ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়সহ অন্তত দুটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই সরকারবিরোধী কর্মসূচির ডাক দিয়েছে। শিক্ষার্থীরা রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সাম্প্রতিক বিধ্বংসী দাবানল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতা, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এর পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর একটি কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিশাল ব্যানার টানিয়ে অবিলম্বে জলবায়ু সংকট মোকাবিলা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।
সাবেক সেনাপ্রধান ও জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। বিপুল জনসমর্থন ও বড় ব্যবধানে তিনি ক্ষমতায় এলেও তাঁর গৃহীত একগুচ্ছ জনতুষ্টিবাদী নীতি দেশটির সামগ্রিক অর্থনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে বলে অর্থনীতিবিদদের অভিমত। একের পর এক আর্থিক সংকটের মুখে সাধারণ মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা হারাতে শুরু করেছেন তিনি। সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) সর্বশেষ জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে যেখানে প্রাবোও সুবিয়ান্তোর প্রতি জনসমর্থন ছিল ৮১ দশমিক ২ শতাংশ, চলতি মাসে তা দেশটির ইতিহাসে সর্বনিম্ন ৪৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। এর আগে ২০২৫ সালে পুলিশের মারধরে এক মোটরবাইকচালক নিহতের ঘটনায় দেশজুড়ে তুমুল সহিংসতা ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তীতে গত আগস্টেও সরকারের নীতির বিরুদ্ধে ডাকা বিক্ষোভ থেকে শত শত তরুণকে গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ