নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবাকর্মীরা।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। সেখানে ৩৫৯ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া নাওয়ালপরাসি পূর্বে ২১৯, নাওয়ালপরাসি পশ্চিমে ২১২, নুয়াকোটে ১৮৪, রাসুওয়ায় ১৪০, গোরখায় ৭২, ধাদিংয়ে ৬৩ এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৯৬টি ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজদের মধ্যে রাসুওয়া জেলার ২ হাজার ১৩০ জন এবং নুয়াকোটের ২ হাজার ৩৪০ জন রয়েছেন। এছাড়া নিখোঁজের তালিকায় ৫৮৩ জন বিদেশি নাগরিকও রয়েছেন। এ পর্যন্ত বিভিন্ন দুর্গত এলাকা থেকে ১৩ হাজার ৯৩ জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করেছে নেপাল সরকার। এর মধ্যে নেপাল সেনাবাহিনীর ৯ হাজার ২৮৭ জন, নেপাল পুলিশের ৭ হাজার ৯৩১ জন এবং আর্মড পুলিশ ফোর্সের ৪ হাজার ২০৩ জন সদস্য রয়েছেন। সব মিলিয়ে ২১ হাজার ৪২১ জন সদস্য উদ্ধার, ত্রাণ ও সরবরাহ কার্যক্রমে কাজ করছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে স্থল ও আকাশপথে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। খাদ্য ও জরুরি সামগ্রী নিয়ে ৬৯টি ট্রাক এবং ৩৮টি বোলেরো যান বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।
এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপাল সেনাবাহিনী ৯টি এবং আর্মড পুলিশ ফোর্স ১৬৩টি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনা করেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও ঘোষণা করেছে সরকার। রাসুওয়া ও নুয়াকোট জেলায় ১ কোটি নেপালি রুপি করে এবং ধাদিং জেলায় ৫০ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ১৫টি স্থানীয় সরকারকে মোট ১৩ কোটি ৫০ লাখ নেপালি রুপি সহায়তা দেওয়া হয়েছে।
এনডিআরআরএমএর তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে বাস্তুচ্যুত ৪ হাজার ৫২১ জন বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া আহত ৫ হাজার ৩৯৭ জন বিভিন্ন হাসপাতালে ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
দুর্যোগের পর নিখোঁজদের উদ্ধারে অভিযান, আহতদের চিকিৎসা এবং দুর্গত এলাকায় খাদ্য ও জরুরি সামগ্রী সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ