রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজারে রহস্য, মৃত্যু ও কালোজাদুর আবহ দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে অভিনেতা সিয়াম আহমেদের চরিত্র নিয়ে তৈরি হওয়া রহস্যের কিছুটা এবার উন্মোচিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুক প্রকাশ করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটিতে তার চরিত্রের নাম ‘দেলোয়ার’ বলে জানিয়েছেন এই অভিনেতা। একই পোস্টে তিনি ‘ফার্স্ট লুক টেস্ট’-এর কিছু দৃশ্যও ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
প্রকাশিত ছবিতে গাঢ় লাল আলোর আবহে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে দেখা গেছে সিয়ামকে। মুখভর্তি দাড়ি, এলোমেলো চুল এবং গাঢ় রঙের কোটে তাকে বেশ গম্ভীর ও রহস্যময় দেখাচ্ছে। ঠোঁটে জ্বলন্ত সিগারেট এবং ধোঁয়ার আড়ালে তার তীক্ষ্ণ দৃষ্টি চরিত্রটির রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ‘আন্ধার’-এর টিজারেও সিয়ামের চরিত্রকে ঘিরে নানা ইঙ্গিত পাওয়া যায়। সেখানে তাকে কখনো লাশের সামনে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো আক্রমণাত্মক ভঙ্গিতে অ্যাকশন দৃশ্যে দেখা যায়। টিজারের শেষ দিকে তার উজ্জ্বল নীল চোখ দর্শকদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
সিয়ামের ‘দেলোয়ার’ লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই রায়হান রাফী ও সিয়াম আহমেদের জুটির প্রশংসা করেছেন এবং সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন।
বড় বাজেটের ভৌতিক সিনেমা হিসেবে ‘আন্ধার’ ইতোমধ্যে দেশের চলচ্চিত্র অঙ্গনে আলোচনায় এসেছে। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন।
সিনেমাটি চলতি বছরের অক্টোবর মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
মন্তব্যসমূহ