সরকারবিরোধী কর্মসূচি হিসেবে নয়, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট লংমার্চ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চে অংশ নিতে গাড়িবহরের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার গাড়ি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক ও গঠনমূলকভাবে এ কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, লংমার্চে কোনো ধরনের হামলা বা বাধা দেওয়ার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লংমার্চের জন্য সরকার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করছেন। কর্মসূচিকে ঘিরে কোনো সহিংসতার ঘটনা ঘটলে এর দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জোটের ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে পথসভার মাধ্যমে লংমার্চ শুরু হবে। এরপর সকাল ৯টায় নারায়ণগঞ্জে, দুপুর ১২টায় কুমিল্লায়, বিকেল ৩টায় ফেনীর মহিপালে এবং বিকেল ৫টায় চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। পরে রাত ৯টায় চট্টগ্রামের লালদিঘি মাঠে শেষ পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।
মন্তব্যসমূহ