ড্যান ড্রিসকলের পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডাম টেল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ দায়িত্ব দেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, সেনাবাহিনীর বেসামরিক কার্যক্রম বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডাম টেল নতুন পদে অবিলম্বে কাজ শুরু করবেন।
এর আগে মঙ্গলবার সেনাবাহিনীর সচিবের পদ থেকে পদত্যাগ করেন ড্যান ড্রিসকল। সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার কয়েক মাস ধরে মতবিরোধ চলছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়।
ড্রিসকলের পদত্যাগের পর হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি তার দায়িত্ব পালনের প্রশংসা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সামরিক অভিযান পরিচালনা, সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনাতেও তার ভূমিকা ছিল।
ড্রিসকলের পদত্যাগের পর দ্রুতই নতুন ভারপ্রাপ্ত সেনাসচিব নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। অ্যাডাম টেলের দায়িত্ব গ্রহণের ফলে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক নেতৃত্বে সাময়িক স্থিতিশীলতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্যসমূহ