জার্মানজুড়ে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দেশটির জাতীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়চে বান জানিয়েছে, রেলওয়ের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় নিরাপত্তাজনিত কারণে মঙ্গলবার গভীর রাতে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
ডয়চে বানের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রেল নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত জিএসএম-আর (GSM-R) ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় দেশব্যাপী ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ট্রেনচালক, নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে চলমান ট্রেনগুলোকে নিকটবর্তী স্টেশনে থামিয়ে দেওয়া হয়।
তবে এই প্রযুক্তিগত সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রযুক্তিবিদরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন এবং যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
ডয়চে বান আরও জানায়, এ ঘটনায় কতটি ট্রেন এবং কতজন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে সম্পর্কেও এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জার্মান সংবাদপত্র বিল্ডের বরাতে জানা যায়, ডয়চে বানের প্রধান নির্বাহী কর্মকর্তা এভেলিন পালার বলেন, “আমরা এখন ট্রেনগুলোকে স্টেশনগুলোতে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে যাত্রীরা নিরাপদে নামতে পারেন। এরপর সমস্যার মূল কারণ খুঁজে সমাধান করতে হবে। তবে বর্তমানে আমরা জানি না ঠিক কী কারণে এই ত্রুটি ঘটেছে।”
রেলওয়ে খাতে ব্যবহৃত জিএসএম-আর বা ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস–রেলওয়ে’ হলো একটি বিশেষ ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে ট্রেনচালক, নিয়ন্ত্রণ কেন্দ্র এবং রেল কর্তৃপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা বিকল হলে ট্রেন চলাচল নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব নয়।
ইউরোপীয় ইউনিয়ন রেলওয়ে সংস্থার তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ইউরোপের বিভিন্ন দেশে এই প্রযুক্তি রেল যোগাযোগের মান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জার্মানির মতো ব্যস্ত রেল নেটওয়ার্কে এর গুরুত্ব অত্যন্ত বেশি।
জার্মানির রেলব্যবস্থা ইউরোপের অন্যতম বৃহৎ ও ব্যস্ত পরিবহন ব্যবস্থা। প্রতিদিন লাখো মানুষ এই নেটওয়ার্ক ব্যবহার করেন। ফলে দেশজুড়ে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক ভোগান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে না। এদিকে স্টেশনগুলোতে হাজারো যাত্রী আটকে পড়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
সূত্র: ডয়চে বান