আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ঠিকানায় ভোটার হতে আগ্রহীদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-২) মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সময়সূচি জানানো হয়।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২৬। আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদন নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।
অর্থাৎ, যারা নতুন ঠিকানায় ভোটার তালিকায় নাম স্থানান্তর করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন জমা দিতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং নিষ্পত্তির জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা ও থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কার্যক্রম তদারকির জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসির চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন।
মন্তব্যসমূহ