সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। তিনি বলেছেন, সরকারি চাকরিতে থেকে দায়িত্বে অবহেলা করা যাবে না। যারা কাজ করতে আগ্রহী নন, তাদের চাকরি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, অতীতের কোনো অনিয়মের ধারা অব্যাহত রাখা যাবে না। সরকারি কর্মকর্তাদের জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বে গাফিলতি বা কাজে অনীহা দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে জনগণের আস্থা আরও বাড়বে।
প্রধানমন্ত্রীর কর্মঘণ্টার উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, নেতৃত্বের পর্যায়ে যারা আছেন, তারা দীর্ঘ সময় কাজ করছেন। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি বলেন, আগের সময়ে দেশের বিভিন্ন খাতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সঠিক নেতৃত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
সভায় মাদক নিয়ন্ত্রণ নিয়েও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি জুয়া ও চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
দেশে সার সংকট নেই দাবি করে মন্ত্রী বলেন, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। স্থানীয় পর্যায়েও যাতে কৃষকরা প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। শম্ভুগঞ্জ সার গুদাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আওতায় ১০ হাজার যুবককে বিনা খরচে এবং আরও তিন লাখ যুবককে স্বল্প খরচে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার আগের কিছু সমস্যার প্রভাব মোকাবিলা করছে। এসব সংকট সমাধানে সময় প্রয়োজন এবং ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি করা হচ্ছে।
ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার উন্নয়ন কার্যক্রমে তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করবেন। এলজিইডির কাজ অসম্পন্ন রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগকেও তিনি স্বাগত জানান।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ