সাধারণত টাকা-পয়সা, গহনা কিংবা মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনা শোনা গেলেও এবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরের সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়ি আটকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সিনেমার দৃশ্যের মতো ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের ২৮ বছর বয়সী আক্তার মিয়ার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওনা দেন।
অভিযোগ অনুযায়ী, মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্না আক্তারকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন বরের স্বজনরা।
আকস্মিক এ ঘটনায় বর ও বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, কনের পরিবারের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তামান্নার সঙ্গে মিয়াদের আগে সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন। ফলে তাদের মধ্যে সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত তথ্য হিসেবে বলা যাচ্ছে না।
এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত ছিলেন, তা তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ