জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনের সময় তিনি সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। একই সঙ্গে সংসদ ভবনসংলগ্ন এলাকার পরিবেশ, অবকাঠামোর অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রী সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন। মাঠ ও বাগান পরিষ্কার রাখার পাশাপাশি সবুজায়ন এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যার জন্যও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এ ছাড়া সংসদ প্লাজা ও আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি প্লাজা ও সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
মন্তব্যসমূহ