সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগ নেতা মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমকে’ পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রোববার (৩০ আগস্ট) ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক আবদুল হান্নান পাঁচ দিনের রিমান্ড শেষে কাশেমকে আদালতে হাজির করেন। তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান। পরে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে ২৫ আগস্ট আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটি ২০১৫ সালের ২০ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে। ওই দিন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া।
মামলার অভিযোগে বলা হয়েছে, কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি খালেদা জিয়াকে হত্যার চেষ্টা এবং গাড়িবহরে ভাঙচুর ও কয়েকজনকে আহত করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ এখনো বিচারাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।
২০২৪ সালের ২২ আগস্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। আবুল কাশেম পাটোয়ারী মামলার ৪৯ নম্বর আসামি বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
মামলার অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তেজগাঁও থানা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শামীম হাসান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমানের নাম রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে।
মন্তব্যসমূহ