জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দলকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সনদের ভিত্তিতে বিভিন্ন দাবি তোলার পাশাপাশি সেটি বাস্তবায়নে গঠিত সংবিধান সংশোধন কমিটিতেও বিরোধী দলের অংশগ্রহণ প্রয়োজন।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে বিভিন্ন সংস্কার বাস্তবায়নের দাবি জানালেও সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিতে এখনো সম্মত হয়নি। তার মতে, এই দুই অবস্থান পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এর আগে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদে জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে আলোচনার পর তিনি আশা করেছিলেন বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেবে। সে কারণে কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াও কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল। পরে বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হয়েছে। বিরোধী দল যখনই সদস্যদের নাম দেবে, তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে এর আগেও সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাবও সরকার দিয়েছিল বলে দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন আনতেই বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তার সভাপতিত্বে প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
কমিটির পরিকল্পনা অনুযায়ী, শুধু সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের সুপারিশ তৈরি করা হবে না। সংবিধান বিশেষজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি ও বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী, সাংবাদিক, সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে।
জুলাই জাতীয় সনদ তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের বক্তব্যও শোনার পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব মতামত বিশ্লেষণ করে বিশেষ কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে। পরে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনীতে জুলাই জাতীয় সনদের বিষয়গুলোর পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার, জনগণের প্রত্যাশা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাওয়া গ্রহণযোগ্য সুপারিশও বিবেচনায় নেওয়া হবে।
বিরোধী দলের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটিতে এসে তারা নিজেদের মতামত, আপত্তি ও বিকল্প প্রস্তাব তুলে ধরতে পারবেন। কোনো বিষয়ে দ্বিমত থাকলে সেটিও প্রতিবেদনে লিপিবদ্ধ করা হবে, যাতে দেশের মানুষ বিরোধী দলের অবস্থান জানতে পারে।
তিনি আরও বলেন, সব বিষয়ে সরকারি ও বিরোধী দলের একমত হওয়া প্রয়োজন নেই। কোথাও মতপার্থক্য থাকতে পারে, আবার কিছু বিষয়ে ঐকমত্যও তৈরি হতে পারে। সরকার নতুন ও গ্রহণযোগ্য প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত রয়েছে।
সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি বর্তমানে ১২ সদস্য নিয়ে কাজ করছে। বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ খালি রাখা হয়েছে। বিরোধী দল সদস্যদের নাম দিলে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠন করার পরিকল্পনা রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে আবারও কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাইলে সংবিধান সংশোধনের প্রক্রিয়াতেও তাদের সহযোগিতা করা প্রয়োজন।
মন্তব্যসমূহ