দেশে ডেঙ্গুর সংক্রমণ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এটিই সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক তথ্যে এ চিত্র উঠে এসেছে।
নতুন তিন মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৭৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৯ জন রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫৮ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ময়মনসিংহে ৮১ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে তিনজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গত ২৪ আগস্ট এক দিনে ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হওয়াকে তখন বছরের সর্বোচ্চ বলা হয়েছিল। ছয় দিনের ব্যবধানে সেই সংখ্যা ছাড়িয়ে নতুন সর্বোচ্চ ১ হাজার ৯৭ জনে পৌঁছাল।
মন্তব্যসমূহ