রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই ব্যক্তির মাঝখানে নিস্তেজ অবস্থায় বসে থাকা এক তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়। ভিডিও দেখে অনেকে তরুণীকে মৃত কিংবা গুরুতর অসুস্থ বলে ধারণা করেছিলেন। তবে পরে পুলিশ নিশ্চিত হয়, তিনি জীবিত আছেন।
শনিবার (২৯ আগস্ট) টঙ্গী পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওই তরুণী। তিনি দাবি করেন, নিজের ইচ্ছাতেই মদ পান করেছিলেন এবং মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে সাহায্য করতে এসেছিলেন।
তরুণী বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয় নাই। ওই লোকগুলো (বাইকের) আসছে আমাকে সাহায্য করতে।’
গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে তরুণী পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে মানসিক চাপে থাকার কথা জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, বাড়িতে মদ পান করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় মানসিক চাপে ছিল। সে নিজ বাড়িতে গিয়ে মদ পান করে।’
পুলিশের কাছে দেওয়া তরুণীর বক্তব্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তিনি ‘চাচা’ হিসেবে চিনতেন। অসুস্থ হয়ে পড়ার পর তাদের ফোন করলে তারা এসে তাকে নিয়ে যান।
পুলিশ এখন মোটরসাইকেলে থাকা ওই দুই ব্যক্তিকে খুঁজছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তরুণীর বক্তব্যের সঙ্গে ঘটনার অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হবে।
উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘পরবর্তীতে মদ্যপ অবস্থায় ওই তরুণদের সঙ্গে যায়। আমরা মোটরসাইকেলে থাকা দুইজনকে খুঁজছি। তারা হয়তো ভয়ে সামনে আসছে না। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’
জিজ্ঞাসাবাদ শেষে তরুণীকে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে। একাধিক বিয়ের যে দাবি ছড়ানো হয়েছে, তা অস্বীকার করেছেন তিনি। তার অভিযোগ, সাবেক স্বামী শাহরিয়ার তাকে বিপদে ফেলতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তবে এসব পাল্টাপাল্টি দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিও থেকে মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ও মালিকের পরিচয় শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে শনাক্ত করে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।
তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ওই দুই ব্যক্তির বক্তব্য পাওয়ার পর তরুণীর অসুস্থ হয়ে পড়া এবং তাকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার পুরো পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ফলে তরুণীর বক্তব্যকে এখন পর্যন্ত তার নিজস্ব ভাষ্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
মন্তব্যসমূহ