চুয়াডাঙ্গায় পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের মধ্যস্থতায় পরিবহন মালিক-শ্রমিক এবং ইজিবাইক সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পাশাপাশি জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক-মালিক সমবায় সমিতির প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ছিল। এতে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানান, পরিবহন শ্রমিকদের ওপর হামলার বিচার এবং সড়কে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফেরানোর দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
পরে জেলা প্রশাসক লুৎফুন নাহারের আহ্বানে বৈঠকে অংশ নেন সংশ্লিষ্টরা। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবহন মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী আট দিনের মধ্যে জেলার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন জানিয়েছে, বিভিন্ন এলাকায় চলাচলকারী ইজিবাইকগুলোকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত রঙে রাঙাতে হবে। চুয়াডাঙ্গা পৌরসভায় কমলা, সদর উপজেলার পৌরসভার বাইরের এলাকায় নীল, আলমডাঙ্গায় সবুজ, দামুড়হুদায় খয়েরি এবং জীবননগরে হলুদ রঙের ইজিবাইক চলবে।
নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল জানান, ইজিবাইক চলাচল এবং পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশাসনের সঙ্গে আলোচনায় সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ইজিবাইক চলাচল নিয়ে বিরোধের জেরে একটি বাসে হামলা এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
মন্তব্যসমূহ