জাতীয় সংসদ অধিবেশনের সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা। তিনি সংসদের কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার সব দলের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়ে আসছেন। তবে বিভিন্ন সময় দেখা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে আলোচনা হলেও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিনিধি সংসদে উপস্থিত থাকেন না।
তিনি বলেন, সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকলে সেই আলোচনার কার্যকারিতা ব্যাহত হয়। মন্ত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, অধিবেশন চলাকালে অনেক সময় সদস্যদের ছোট ছোট দলে আলাদা আলোচনা করতে দেখা যায়, যা সংসদের মর্যাদার পরিপন্থী এবং গুরুত্বপূর্ণ আলোচনায় বিঘ্ন সৃষ্টি করে।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতার উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন।
স্পিকার বলেন, বাজেট অধিবেশনসহ সংসদের প্রতিটি অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকারসহ বিভিন্ন খাত নিয়ে সংসদ সদস্যরা বক্তব্য দেন, তাই সংশ্লিষ্ট মন্ত্রীদের অবশ্যই উপস্থিত থেকে আলোচনায় অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, “কোনো রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সংসদ অধিবেশনই সর্বোচ্চ গুরুত্ব বহন করে।” মন্ত্রীদের সময়মতো উপস্থিত হয়ে নিজ নিজ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট আলোচনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সংসদ কক্ষের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, অধিবেশন চলাকালে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলোচনা বা আসন ত্যাগ করে অন্যত্র কথাবার্তা বলা উচিত নয়। সকলকে নিজ নিজ আসনে বসে কার্যক্রমে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।
পয়েন্ট অব অর্ডার নিষ্পত্তির পর ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রথমে বক্তৃতা করেন সিরাজগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আইনুল হক।