ঢাকার মঞ্চে আবারও গান পরিবেশন করতে আসছেন রোমানিয়ার জনপ্রিয় পপশিল্পী ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তার একক কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ আয়োজন করছে বিশেষ এই সংগীতানুষ্ঠান।
কনসার্টের আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে আয়োজকদের প্রকাশ করা পোস্টার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন ওটিলিয়া। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি ভক্তদের মধ্যে তাকে ঘিরে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
তবে এখনো কনসার্টের নির্দিষ্ট ভেন্যু, টিকিটের দাম এবং টিকিট বিক্রির সময়সূচি জানানো হয়নি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এসব তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
‘বিলিওনেরা’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। ২০১৪ সালে প্রকাশিত গানটিতে স্প্যানিশ ও ইংরেজি ভাষার সংমিশ্রণের পাশাপাশি লাতিন ও বালকান ঘরানার সুর ব্যবহার করা হয়। প্রকাশের পর গানটি বিভিন্ন দেশের ড্যান্স ফ্লোর ও ক্লাব সংস্কৃতিতে ব্যাপক জনপ্রিয়তা পায়।
বাংলাদেশেও গানটি প্রকাশের পরপরই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। ‘বিলিওনেরা’র জনপ্রিয়তার সূত্র ধরে দেশেও ওটিলিয়ার একটি বড় ভক্তগোষ্ঠী তৈরি হয়েছে। ২০২২ সালের পর আবার ঢাকার মঞ্চে তার উপস্থিতি সেই ভক্তদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।
মন্তব্যসমূহ