বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৯তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবে ‘আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’। আনাস বাতাহাফ পরিচালিত সিনেমাটিতে প্রেম, কল্পনা ও ডার্ক কমেডির সমন্বয়ে তুলে ধরা হয়েছে জীবন ও মৃত্যুকে ঘিরে এক ব্যতিক্রমী গল্প।
সৌদি আরবের জেদ্দা শহরকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির প্রধান চরিত্র হায়াত নামের এক স্বাধীনচেতা তরুণী। পারিবারিক অভিশাপের কারণে ৩০তম জন্মদিনেই তার মৃত্যু হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে সে।
এই বিশ্বাস নিয়েই জীবনের শেষ সময়ের অপেক্ষায় থাকা হায়াতের পরিচয় হয় ইউসুফের সঙ্গে। পেশায় হৃদ্রোগের অস্ত্রোপচার বিশেষজ্ঞ ইউসুফ মেধাবী হলেও স্বভাবে অন্তর্মুখী। পাশাপাশি জটিল মানসিক ও শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সে।
ভিন্ন মানসিকতার এই দুই মানুষের পরিচয় একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয়। নিজেদের সংকটের মধ্য দিয়ে তারা নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে শেখে।
সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা আনাস বাতাহাফ বলেন, ‘এটি এমন দুজন মানুষের গল্প, যারা নিজেদের অন্ধ মোহের কারণে জীবনের আসল অর্থটাই ভুলে গিয়েছিল। কিন্তু ভালোবাসা তাদের আবার ফিরিয়ে আনে এবং নতুন করে উপলব্ধি করায় যে জীবন কতটা মূল্যবান।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সারা তাইবাহ। পাশাপাশি অভিনেতা ইয়াকুব আল-ফারহানের বিপরীতে প্রধান নারী চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর ১২তম সৌদি ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে এটি।
একই উৎসবে অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর গোল্ডেন পাম পুরস্কার পান সারা তাইবাহ।
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজেদের উপস্থিতি বাড়ানোর ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সিনেমা জমা দিয়ে আসছে সৌদি আরব। ‘আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’ দেশটির নবম অস্কার জমাদান হিসেবে নির্বাচিত হয়েছে।
অস্কারের আয়োজক প্রতিষ্ঠান দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের ১৫টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।
এরপর ২১ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত পাঁচটি মনোনীত সিনেমার নাম। আর আগামী ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের মূল আয়োজন।
তবে সৌদি আরবের পক্ষ থেকে সিনেমাটি নির্বাচিত হওয়া মানেই অস্কারের চূড়ান্ত মনোনয়ন পাওয়া নয়। সংক্ষিপ্ত তালিকা ও চূড়ান্ত মনোনয়নের ধাপ অতিক্রম করতে হবে সিনেমাটিকে।
মন্তব্যসমূহ