ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান বিরোধী রাজনৈতিক আন্দোলনকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। এ পরিস্থিতি নিয়ে আপাতত কোনো মূল্যায়ন বা মন্তব্য করতে চায় না সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।
ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টার বিষয়ে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চান সাংবাদিকেরা।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।"
তাঁর বক্তব্য অনুযায়ী, নয়াদিল্লির রাজনৈতিক আন্দোলন নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে কোনো অবস্থান জানানো হচ্ছে না।
প্রসঙ্গত, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো এবং তরুণদের রাজনৈতিক আন্দোলন হিসেবে পরিচিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
এই আন্দোলনকে কেন্দ্র করে ভারতের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টিকে দেশটির নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মন্তব্যসমূহ