আগামী ২০ জুলাই মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভাটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের অংশগ্রহণে।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এ সমস্যা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে, যাতে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, সব বোর্ডের উত্তরপত্র র্যান্ডমভাবে যাচাই করা হবে, যাতে কোনো অনিয়ম বা নম্বরের তারতম্য না থাকে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস প্রতিরোধে তিনি নিজে বাংলাদেশ সরকারি প্রেসে গিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করেছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “নকল শব্দটি আমরা অনেক আগেই দূর করেছি। এখন আর নকল নিয়ে কথা বলতে চাই না। তবে এখন ডিজিটাল নকল একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা প্রযুক্তির মাধ্যমে প্রতিহত করতে হবে।”
শিক্ষাব্যবস্থায় উচ্চশিক্ষার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশে সবাই শুধু অনার্স পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে, যা বাস্তবসম্মত পরিকল্পনার অংশ নয়।