রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইমান হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।
সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোডে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, সূত্রাপুর বিভাগের কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম অভিযান চালিয়ে মো. ইমান হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতার ইমান হোসেন দীর্ঘদিন ধরে গেন্ডারিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্যসমূহ