রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ মোঃ কামরান ওরফে রেজা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে দক্ষিণ পীরেরবাগ ভাঙ্গাব্রীজ সংলগ্ন সাজেদা মোটরসের সামনে পাকা রাস্তায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়।
তবে মোটরসাইকেল চালক পুলিশের সংকেত অমান্য করে কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। এরপর তার দেহ ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতঃপূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্যসমূহ