দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৯ জন শিশু।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে মারা গেছে ১০৪ জন এবং বাকি ১ হাজার ৪৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৮১ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২২ হাজার ১৯৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ জন শিশু। এর মধ্যে যথাসময়ে উপযুক্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন। শিশুদের মধ্যে রোগটির বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মন্তব্যসমূহ