চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলগেট এলাকায় টেম্পোর সঙ্গে ধাক্কায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি যাত্রীবাহী বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দরজার একটি অংশ ভেঙে রেললাইনের পাশে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে গোমদণ্ডী স্টেশন ও বুড়িপুকুর পাড় এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, রেললাইনের পাশে একটি টেম্পো দাঁড়িয়ে ছিল। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় টেম্পোটির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেনের একটি বগির দরজার অংশ ভেঙে মাটিতে পড়ে যায়।
গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, দুর্ঘটনার পর ভেঙে পড়া দরজার অংশটি রেলওয়ের হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে টেম্পোটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার সময় টেম্পোটিতে চালক বা কোনো যাত্রী ছিলেন না। ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পটিয়া স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী জানান, দুর্ঘটনার পর ট্রেনটি দুপুর ১টার দিকে পটিয়া স্টেশনে পৌঁছে থামে। সেখানে ক্ষতিগ্রস্ত দরজাটি মেরামতের জন্য প্রায় ১৫ মিনিট ট্রেনটি স্টেশনে রাখা হয়।
মেরামতের কাজ শেষ হওয়ার পর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।
মন্তব্যসমূহ