নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট থেকে দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন।
রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রম, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বঙ্গভবন।
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে রাষ্ট্রপতির সফরের বিষয়টি জানানো হয়।
চিঠি অনুযায়ী, রাষ্ট্রপতি ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফিরবেন তিনি।
রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন এবং যানবাহনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সফরের বিস্তারিত কর্মসূচি এবং রাষ্ট্রপতির সঙ্গে থাকা সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্যসমূহ