পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক আদেশে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানকে এসব কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করতে হবে। পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
এ ছাড়া মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এসব কর্মসূচি আয়োজন করতে হবে।
মন্তব্যসমূহ