গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
ইসরাইল হাওলাদারসহ ডিআইজি পদমর্যাদার মোট পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
মো. ইসরাইল হাওলাদার ২০২৫ সালের ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে জিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯ নভেম্বর তিনি জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপকমিশনার এবং ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ইসরাইল হাওলাদার দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। শিল্প পুলিশে যোগদানের আগে তিনি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অপরাধ দমনসহ বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দেন তিনি। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় জিএমপির কর্মকর্তা ও সদস্যরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্যসমূহ