নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিমানবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পর্ষদের কার্যক্রম উদ্বোধন করেন।
পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।
নির্বাচনি পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রী কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থাকার ওপর গুরুত্বারোপ করেন। পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দূরদর্শিতাকে মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।
পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন।
মন্তব্যসমূহ