যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। নতুন তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে এই নৌপথে জাহাজ চলাচল প্রায় ৮০ শতাংশ কমে মাত্র ২০ শতাংশে নেমে এসেছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ সেখান থেকে বের হয়েছে। যুদ্ধের আগে একই সময়ে যে পরিমাণ জাহাজ চলাচল করত, বর্তমান সংখ্যা তার প্রায় এক-পঞ্চমাংশ।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের তৎপরতার কারণে নৌপথে স্বাভাবিক পরিস্থিতি এখনো ফিরে আসেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জাহাজ চলাচলের সময় ড্রোনের মাধ্যমে নজরদারি, রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজকে সতর্ক করা বা থামানোর চেষ্টা এবং সমুদ্রপথে মাইন থাকার আশঙ্কা নাবিকদের উদ্বেগ বাড়িয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচল কমে যাওয়া জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকারের সংখ্যা উল্লেখযোগ্য। মোট কমে যাওয়া জাহাজের প্রায় ৪৫ শতাংশই ছিল তেল পরিবহনকারী ট্যাংকার।
ইউকেএমটিওর তথ্য বলছে, হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের উপকূলঘেঁষা নৌপথটি বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি। গত ৬ জুলাইয়ের পর ওই নৌপথে মোট ১৮টি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি হামলাই ওই এলাকায় ঘটেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ