বিদেশে পাচারের আগেই বিজিবির অভিযানে ৫.৭ কেজি সাপের বিষ জব্দ
দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত সাপের বিষ, যানবাহনসহ জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট ২০২৬ দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, দিনাজপুর ক্যাম্প, র্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মোকলেসুর হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার ক্ষেত দেখি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কৃন্দনহাট গ্রামের মৃত মোবারকের ছেলে উজ্জল আলী (৫৪)।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি কাচের জারে রাখা আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা এর আগেও বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এবারও উদ্ধার করা সাপের বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে জানা গেছে।
উদ্ধারকৃত সাপের বিষ, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
অভিযানের পর গত ১৩ আগস্ট আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধারকৃত নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।
মন্তব্যসমূহ