মন্ত্রিসভায় নতুন করে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য সরকারি যানবাহন অধিদপ্তর ছয়টি গাড়ি প্রস্তুত রেখেছে। তবে শেষ পর্যন্ত কতটি গাড়ি কাজে লাগানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার ভিত্তিতে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ছয়টি গাড়ি সরবরাহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী সবগুলো গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন এর মধ্যে কতটি নতুন মন্ত্রীদের কাজে ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগ নেবে।
এদিকে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া নতুন চার সদস্যের নাম জানা গেছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সদস্যদের দায়িত্ব ও মন্ত্রণালয় বণ্টন নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত শপথ অনুষ্ঠানের পর জানা যেতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বিএনপি। দীর্ঘ প্রায় ১৯ বছর পর গঠিত দলটির সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বর্তমান মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
মন্তব্যসমূহ