নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও ছড়িয়ে পড়ে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ভোর ৬টার দিকে গাবতলী এলাকার একটি ইজিবাইক গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গ্যারেজ ও ঝুটের গোডাউনগুলোতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্যসমূহ