দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোট দেওয়ার কার্যক্রম শেষ হয়।
ভোটগ্রহণ শেষে জাতীয় সংসদের অধিবেশনকক্ষেই ব্যালট গণনা করা হবে। পরে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে প্রথমবারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত কয়েকজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব গ্রহণ করেন।
এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলো।
মন্তব্যসমূহ