রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।
আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় এবার সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।
সে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি পেয়েছিলেন ১৭২ ভোট, আর বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
মন্তব্যসমূহ