লালমনিরহাটে মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও পুনরুদ্ধারের জন্য ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (১৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা শহরের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় লালমনিরহাটে মাদক প্রবেশের ঝুঁকি রয়েছে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদারের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সচেতনতা কার্যক্রম একসঙ্গে এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
মাদক প্রতিরোধে গঠিত ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কার্যক্রমের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া, ঘুষ ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করা গেলে সামাজিক অপরাধ প্রতিরোধে লালমনিরহাট একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
মন্ত্রী আরও বলেন, শুধু বিদ্যুতের আলোয় একটি জেলা আলোকিত করাই যথেষ্ট নয়; মানুষের বিবেক, মূল্যবোধ ও মানবিকতাকেও জাগ্রত করতে হবে। পরিবারে শান্তি প্রতিষ্ঠা এবং সমাজে অপরাধ ও অসংগতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই ‘আলোকিত লালমনিরহাট’-এর মূল উদ্দেশ্য।
মন্তব্যসমূহ