জ্বালানি সংকট বর্তমানে একটি স্পষ্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যতটুকু সময় দরকার, সরকারকে সেই সময় দিতে হবে।
শনিবার (১৫ আগস্ট) সিলেটের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আগের বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন কূপ খনন করা গেলে দেশের জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা আরও বাড়বে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রায় দুই বছর সময় প্রয়োজন বলে জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ। বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় জ্বালানির চাহিদাও বেশি থাকে। ফলে সরবরাহ ও চাহিদার ব্যবধানের কারণে সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে বিনিয়োগ বাড়ানো জরুরি। আর বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
কৃষি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষি খাতে দেশের সামনে বড় সম্ভাবনা রয়েছে। আগামী দিনে কৃষিকাজ থেকে সর্বোচ্চ অর্থনৈতিক রিটার্ন নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। কৃষির এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে খাতটির আরও উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।
মন্তব্যসমূহ