ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে পিচের মাঝ দিয়ে দৌড়ানোকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের সঙ্গে মেহেদী হাসান মিরাজের যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি অলরাউন্ডার।
টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে মিরাজ জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা হয়নি। বরং পরদিন সকালে স্টার্ক তার সঙ্গে কথা বলে আগের দিনের ঘটনায় নিজেরও ভুল ছিল বলে স্বীকার করেছেন।
মিরাজ বলেন, গতকাল আসলে বড় কোনো ঘটনা ঘটেনি। ব্যাটিংয়ের পর স্টার্ক সামনে চলে এসেছিলেন এবং একই সময়ে তিনি বলটি দেখতে পাচ্ছিলেন না। পিচের ভেতর দিয়ে রান নেওয়ার বিষয়টি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটিকে ক্রিকেট মাঠে ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন তিনি।
মিরাজের ভাষ্য অনুযায়ী, আজ সকালে স্টার্ক তার সঙ্গে কথা বলেছেন। আগের দিনের ঘটনার প্রসঙ্গে অস্ট্রেলিয়ান পেসার তাকে জানান, তারও ভুল হয়েছিল এবং বিষয়টি নিয়ে সবকিছু ঠিক আছে।
ঘটনাটি ঘটে বাংলাদেশের প্রথম ইনিংসে স্টার্কের করা ২১তম ওভারে। পয়েন্ট অঞ্চলের দিকে বল ঠেলে দিয়ে রান নেওয়ার সময় মিরাজ পিচের মাঝের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ান। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলার ও ব্যাটার—উভয়েরই রান নেওয়ার সময় পিচের মাঝের ওই অংশ এড়িয়ে চলার কথা।
রান নেওয়ার শুরুতে মিরাজের দৃষ্টি ছিল স্টার্কের দিকে। পরে বলের দিকে তাকানোর কারণে সামনে থাকা স্টার্ককে তিনি খেয়াল করতে পারেননি। চোখ ফেরানোর পর দুজনকে প্রায় মুখোমুখি অবস্থানে দেখা যায়। এরপরও মিরাজ পিচের মাঝ বরাবর দৌড়াতে থাকেন।
বিষয়টি আম্পায়ার কুমার ধর্মসেনার নজরেও আসে। রান সম্পন্ন হওয়ার আগেই তিনি মিরাজকে পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোর বিষয়ে সতর্ক করেন। জবাবে মিরাজ জানান, বলের দিকে তাকিয়ে থাকার কারণে সামনে কী ছিল, সেটি তিনি দেখতে পাননি।
এ সময় স্টার্কও মিরাজকে ইঙ্গিত করে জানান, সেটি তার ফলো-থ্রুর জায়গা এবং মিরাজের পিচের ওই অংশ থেকে সরে যাওয়া উচিত। মিরাজও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। পরে স্টার্ককে মিরাজকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু এখন বাংলাদেশে নেই, বুঝেছ?’
তবে তৃতীয় দিনের শেষে মিরাজের বক্তব্যে পরিষ্কার হয়েছে, মাঠের সেই উত্তেজনা আর গড়ায়নি। দুজনের মধ্যে বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।
এদিকে ডারউইন টেস্টে তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার চেয়ে ৬৭ রানের লিড নিয়ে পরের দিনের খেলা শুরু করবে বাংলাদেশ।
মন্তব্যসমূহ