প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানী ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ কাজে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (১৫ আগস্ট) সকালে মিরপুর-২ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, নগরীর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতি শনিবার বিভিন্ন স্কুল-কলেজসহ ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। নিয়মিতভাবে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
শুধু সিটি করপোরেশনের উদ্যোগে একটি শহর পুরোপুরি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় উল্লেখ করে তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান।
শফিকুল ইসলাম খান বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকে নিজের বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে সামগ্রিকভাবে শহরের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও জানান, ‘ফিক্সড ইট ডিএনসিসি’ উদ্যোগের মাধ্যমে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করা হয়েছে। নাগরিকদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই ডিএনসিসির লক্ষ্য।
মন্তব্যসমূহ