প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আলোচনার মাধ্যমে উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরসহ বিদেশে সম্ভাব্য অন্য সফরগুলোর কোনোটির সময়সূচিই এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা এবং উভয় পক্ষের সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ের আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন সরাসরি কথা বলেন এবং দ্বিপক্ষীয় বৈঠক করেন, তখন বিদ্যমান অনেক সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগানো প্রয়োজন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহের ক্ষত এখনো পুরোপুরি কাটেনি। তারপরও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সরাসরি আলোচনা হলে বিভিন্ন অমীমাংসিত বিষয়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান সফর নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, জাপান সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। দুই দেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনা করেই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়েও ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সরকারি পর্যায়ে সফল আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ আরও সম্প্রসারণের বিষয়টি আলোচনায় এসেছে।
সিঙ্গাপুর সফরের সময় বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শন করেছেন বলে জানান শামা ওবায়েদ।
মন্তব্যসমূহ