জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন করে আগামী ১ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার চার আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় এদিন তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। এই মামলায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় আবেদন করা হয়েছে। এ কারণে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার ৩৪ আসামির মধ্যে আটজনকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিদের পলাতক দেখানো হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওই দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট নিহত হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
মন্তব্যসমূহ